নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কার্যক্রমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্মানী ও পারিতোষিকের হার নতুনভাবে নির্ধারণ করেছে সরকার। প্রশ্নপত্র প্রণেতা, পরীক্ষক ও কমিটির সদস্যদের জন্য জনপ্রতি ৬ হাজার টাকা এবং কর্মচারীদের গ্রেডভেদে ৮০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর ও দফতর পর্যায়ে নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদের সম্মানী ও পারিতোষিকের হার নতুনভাবে নির্ধারণ করেছে সরকার।
সোমবার (২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
নতুন পরিপত্র অনুযায়ী, প্রশ্নপত্র প্রণেতাদের জন্য জনপ্রতি সম্মানী নির্ধারণ করা হয়েছে ৬,০০০ টাকা। একই পরিমাণ অর্থ পাবেন বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যরাও (প্রতি সভার জন্য)। এছাড়া মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য এবং বিশেষজ্ঞদের প্রতিদিনের সম্মানীও নির্ধারিত হয়েছে ৬,০০০ টাকা।
এ ছাড়া, পূর্ণ উত্তরপত্র মূল্যায়নে ১৩০ টাকা ও অবজেকটিভ টাইপ উত্তরপত্রে ৩৫ টাকা সম্মানী দেওয়া হবে। পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন বা উত্তরপত্র মূল্যায়নের আপ্যায়ন খরচের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী দুপুর বা রাতের খাবারের জন্য জনপ্রতি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, তবে নাশতার হার অপরিবর্তিত রাখা হয়েছে।
পরীক্ষা পরিচালনায় সরাসরি সম্পৃক্ত কর্মচারীদের প্রতিদিনের সম্মানী গ্রেডভেদে নির্ধারণ করা হয়েছে—
৯ম গ্রেড ও তদূর্ধ্ব: ১,২০০ টাকা
১০ম থেকে ১৬তম গ্রেড: ১,০০০ টাকা
১৭তম থেকে ২০তম গ্রেড: ৮০০ টাকা
এছাড়া, খাতা মূল্যায়নে ৫০ টাকা এবং ভেন্যুর প্রতিষ্ঠানপ্রধান বা তাঁর মনোনীত সমন্বয়কারী জনপ্রতি ৩,৫০০ টাকা সম্মানী পাবেন।
অর্থ বিভাগ জানায়, এই নতুন হার অবিলম্বে কার্যকর হবে।