দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মাদাগাস্কারে তীব্র সরকারবিরোধী আন্দোলন চলছে। বিদ্রোহী সেনা ইউনিট ও সাধারণ জনগণ রাস্তায় নেমে প্রেসিডেন্ট রাজোয়েলিনার পদত্যাগ দাবি করছে। সরকার পক্ষ আন্দোলনকে অবৈধ ক্ষমতা দখলের প্রচেষ্টা বলে অভিযোগ করেছে।
সরকারবিরোধী আন্দোলনে ফুঁসে উঠেছে মাদাগাস্কার। দেশের সশস্ত্র বাহিনীর একটি অংশ প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা–এর প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাস্তায় নেমেছে। সামরিক ইউনিটগুলোর পাশাপাশি সাধারণ জনগণও এখন আন্দোলনে যোগ দিয়েছে।
শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে দেশের সর্বত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিদ্রোহীরা দাবি করছে, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে একটি নতুন প্রশাসন গঠন করতে হবে।
অন্যদিকে, এক বিবৃতিতে প্রেসিডেন্ট রাজোয়েলিনা অভিযোগ করেছেন, বিরোধী দল অবৈধভাবে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। তিনি সেনা অভ্যুত্থানের আশঙ্কাও প্রকাশ করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন।
এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে পানির সংকট ও বিদ্যুৎ ঘাটতি ঘিরে শুরু হওয়া ছোট পরিসরের প্রতিবাদ ক্রমে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। বর্তমানে সেটি রূপ নিয়েছে ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে, যা পুরো মাদাগাস্কারকে উত্তপ্ত করে তুলেছে।