শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর আড়াইটায় শুরু হওয়া আগুন সন্ধ্যা পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন এবং কার্গো ভিলেজের বিপুল পরিমাণ পণ্য সম্পূর্ণ পুড়ে গেছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়, যা কয়েক ঘণ্টা পরেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্যমতে, ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি এবং সিভিল অ্যাভিয়েশনের সদস্যরাও উদ্ধারকাজে সহায়তা করছেন।
অগ্নিকাণ্ডের পর শাহজালাল বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যে ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এবং একটি ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ হাউস থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়, পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। আগুনের তীব্রতায় আকাশে কালো ধোঁয়ার ঘন মেঘ দেখা যায়।
ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে। হাজারো কৌতূহলী মানুষ ঘটনাস্থলের আশপাশে জড়ো হয়েছেন, তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত সাতজন আহত হয়েছেন, যার মধ্যে কয়েকজন ফায়ার ফাইটারও রয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি, তবে জানা গেছে কার্গো ভিলেজে থাকা কাপড়, কেমিক্যালসহ বেশিরভাগ পণ্য সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।