Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

সাবেক প্রধানমন্ত্রীর সাবেক পিয়নের বিরুদ্ধে শত কোটি টাকার মানিলন্ডারিং মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শত কোটি টাকার মানিলন্ডারিং মামলার অভিযোগ এনেছে সিআইডি। ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে তার কোম্পানির অ্যাকাউন্টে ৫৬৫ কোটিরও বেশি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

শত কোটি টাকার বেশি অর্থপাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চাটখিল থানায় মামলাটি দায়ের করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি বিষয়টি নিশ্চিত করেছে।

সিআইডির তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর আলম জাতীয় সংসদ সচিবালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করতেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর স্বল্প সময়ের জন্য তিনি প্রধানমন্ত্রীর দফতরে ‘ব্যক্তিগত সহকারী’ পদে দায়িত্ব পান। এই সুযোগেই তিনি আর্থিকভাবে লাভবান হন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

২০১০ সালে তিনি ‘স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে বিকাশের ডিস্ট্রিবিউশন ব্যবসা নেন। কিন্তু এর আড়ালে তিনি বিপুল অঙ্কের সন্দেহজনক ব্যাংক লেনদেন করেন। কোম্পানির নামে খোলা একাধিক ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক অঙ্কের টাকা জমা হয়, যার বৈধ উৎস পাওয়া যায়নি।

সিআইডির তদন্তে জানা গেছে, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে ৫৬৫ কোটিরও বেশি টাকা লেনদেন হয়েছে। এসব অর্থের উৎস অজানা এবং এটি হুন্ডি ও মানিলন্ডারিং কার্যক্রমের সঙ্গে জড়িত বলে প্রাথমিক প্রমাণ মিলেছে।

অভিযোগে আরও বলা হয়, জাহাঙ্গীর আলম তার স্ত্রী কামরুন নাহার ও ভাই মনির হোসেনের সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ লেনদেনে যুক্ত ছিলেন। তারা ২০২৪ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং বর্তমানে ভার্জিনিয়ার বাসিন্দা।

সিআইডির দাবি, জাহাঙ্গীর আলম, তার স্ত্রী ও ভাই মিলে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।