Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

পুরান ঢাকায় ভবন থেকে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

পুরান ঢাকার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে বংশাল থানা পুলিশ।

রাজধানীর পুরান ঢাকায় একটি ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে আরমানিটোলা-মাহুতটলি এলাকার একটি ভবনের সিঁড়িতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের নাম জুবায়েদ হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি জবি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ছুরিকাঘাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভবনটিতে তিনি টিউশনি করতেন। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং হত্যার পেছনের কারণ উদঘাটনে কাজ করছে তদন্ত দল।