প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠকে জাতীয় নির্বাচন ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা হয়। নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা পরিস্থিতি, শান্তিপূর্ণ ভোট আয়োজন ও সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা তিন বাহিনীর প্রধানদের নির্বাচনকালে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন।
তিন বাহিনীর প্রধানরা জানান, সশস্ত্র বাহিনী নির্বাচনের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুত। প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
এছাড়া বৈঠকে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টাকে অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান।