Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে চরম উত্তেজনা, বন্ধ প্রধান পাঁচটি পথ

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে উত্তেজনা চরমে উঠেছে। তোরখাম, চামানসহ মোট পাঁচটি সীমান্তপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আফগানিস্তান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। রাতভর গোলাগুলিতে উভয় পক্ষের হতাহতের খবর পাওয়া গেছে।

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষের জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর ধারাবাহিকতায় আজ রোববার (১২ অক্টোবর) পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা— খবর রয়টার্স।

স্থানীয় সূত্র জানায়, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে তাদের দুটি প্রধান সীমান্তপথ— তোরখাম ও চামান— পুরোপুরি বন্ধ করে দিয়েছে। পাশাপাশি আরও তিনটি ছোট সীমান্তপথ— খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গুলাম খান— বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে আফগান কর্তৃপক্ষ এখনো সীমান্ত বন্ধের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। দুই দেশের মধ্যে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার (১,৬০০ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে সাম্প্রতিক সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে।

শনিবার রাতভর পাকিস্তানি সেনা ও তালেবান যোদ্ধাদের মধ্যে গোলাগুলি চলে। আফগান পক্ষ দাবি করেছে, এ সংঘর্ষে তারা ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। অন্যদিকে পাকিস্তান এখনো কোনো সংখ্যা প্রকাশ না করলেও জানিয়েছে যে, আফগান বাহিনীর ওপর হতাহতের ঘটনা ঘটানো হয়েছে।