নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। টানা দুই হারের পর এবার জয়ের লক্ষ্যে খেলবে টাইগ্রেসরা। অন্যদিকে, ফর্মের তুঙ্গে থাকা দক্ষিণ আফ্রিকা জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায়।
নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) ভারতের বিশাখাপাটনমে অনুষ্ঠিত হবে ম্যাচটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়।
আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও পরের দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে কিছুটা চাপে রয়েছে টাইগ্রেসরা। এবার তাদের লক্ষ্য শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ে ফেরা।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয়ে দুর্দান্ত অবস্থানে রয়েছে। সর্বশেষ ম্যাচে তারা ভারতকে ৩ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত। বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে প্রোটিয়ারা, আর ২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ।
ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২১ বার। এর মধ্যে ৩ বার জিতেছে বাংলাদেশ, বাকী ১৮ ম্যাচে পরাজিত হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরে যায়।
বাংলাদেশ দল:
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আকতার নিশি, সুমাইয়া আকতার।