জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে ২৫টি রাজনৈতিক দল, তবে এনসিপি ও কয়েকটি বাম দল অংশ নেয়নি। ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সনদটি জাতীয় ঐক্যের নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে।
ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর সম্পন্ন হয়েছে শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে। অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি অংশ নেন।
তবে অংশ নেননি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদ। ফলে এসব দল এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি।
আগেই এনসিপির পক্ষ থেকে সনদে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত ছিল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বিষয়টি স্পষ্ট করে বলেন, “আমরা এখনও সিদ্ধান্তে পৌঁছাইনি।” পরে মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, তারা শুক্রবারের অনুষ্ঠানে অংশ নেবে না। অন্যদিকে বাম জোট আগেই জানিয়েছিল, তারা জুলাই সনদে অংশ নিচ্ছে না।
সন্ধ্যায় সনদ স্বাক্ষর শেষে রাজনৈতিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রায় সব রাজনৈতিক দলই জুলাই সনদে স্বাক্ষর করেছে। যারা করেননি, আশা করি তারাও শিগগিরই যুক্ত হবেন। এই সনদ উন্মুক্ত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠান শেষে ড. ইউনূস বলেন,
“জুলাই জাতীয় সনদ বিশ্বের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।”
প্রধান উপদেষ্টা বলেন, “এই সনদের মাধ্যমে আমরা ঐক্যের যে বার্তা দিয়েছি, সেটি নিয়েই আগামীর নির্বাচনে যাবো। নির্বাচনের মান ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”