ফোর্বসের সর্বোচ্চ আয়কারী ফুটবলারদের তালিকায় আবারও শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি ক্লাব আল নাসর থেকে ও ব্র্যান্ড স্পনসরশিপ মিলিয়ে তার আয় দাঁড়িয়েছে ২৮ কোটি ডলার। দ্বিতীয় স্থানে মেসি, তৃতীয় বেনজেমা। তরুণদের মধ্যে আলোচনায় ১৮ বছর বয়সী ইয়ামাল।
বিশ্ব ফুটবলে আবারও অর্থ আয়ের শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো। যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা অর্থনৈতিক ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ফুটবলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন এই পর্তুগিজ তারকা।
ফোর্বসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রোনালদোর মোট আয় দাঁড়িয়েছে ২৮ কোটি ডলার, যার মধ্যে ২৩ কোটি ডলার এসেছে সৌদি ক্লাব আল নাসর থেকে, বাকি অংশ মাঠের বাইরে স্পনসরশিপ ও ব্র্যান্ড চুক্তি থেকে। গত এক দশকে এটি রোনালদোর ষষ্ঠবারের মতো শীর্ষস্থান দখল।
২০২৫–২৬ মৌসুমে ফুটবলারদের সম্মিলিত আয় দাঁড়িয়েছে প্রায় ৯৪ কোটি ৫০ লাখ ডলার, যার বড় অংশই রোনালদোর দখলে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি, তার বার্ষিক আয় ১৩ কোটি ডলার। তৃতীয় স্থানে আছেন করিম বেনজেমা, যার আয় ১০ কোটি ৪০ লাখ ডলার। এরপর কিলিয়ান এমবাপ্পে (৯ কোটি ৫০ লাখ) ও আর্লিং হালান্ড (৮ কোটি) অবস্থান করছেন চতুর্থ ও পঞ্চম স্থানে।
তরুণদের মধ্যে সবচেয়ে বড় চমক এনেছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী ইয়ামাল, যিনি প্রথমবারের মতো শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। দামি ব্র্যান্ড চুক্তিতে তার আয় দাঁড়িয়েছে ৪ কোটি ৩০ লাখ ডলার।
ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছেন — ভিনিসিয়ুস জুনিয়র (৬ কোটি), মোহাম্মদ সালাহ (৫ কোটি ৫০ লাখ), সাদিও মানে (৫ কোটি ৪০ লাখ), জুড বেলিংহাম (৪ কোটি ৪০ লাখ) এবং লামিন ইয়ামাল (৪ কোটি ৩০ লাখ)।